গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জুন) থেকে দেশব্যাপী তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (৭ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
এর আগে সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত নেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ জুন ঢাকা মহানগরসহ সকল মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ ছাড়া অঙ্গ সংগঠনগুলোও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি যখন জনজীবন চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের ২২.৭৮ শতাংশ মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মরার ওপর খাড়ার ঘা হিসাবে আঘাত করল। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্যবৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ কৃত গ্যাসের মূল্যবৃদ্ধি সেই সঙ্গে প্রতি ঘন মিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি করা হয়েছে।
ফখরুল বলেন, মূল্যবৃদ্ধি কৃষি, শিল্প ও বিদ্যুৎ সরবরাহে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিটি দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। কোন মতেই জনগণের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব হবে না।
এ সময় অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানানো হয়।
