ছাত্রদল জানিয়েছে, জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি ওমর ফারুকের ওপর তাদের কোনো নেতাকর্মী হামলা করেনি।
তাদের দাবি, যেদিন এমন অভিযোগ উত্থাপন করা হয়, সেদিন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বিএফইউজের সভাপতির সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করতে গেলে সাংবাদিক ওমর ফারুক তার ওপর হামলার কোনো অভিযোগ করেননি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এসব বলেন ছাত্রদলসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
তারা বলেন, ‘জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৫ জুন ছাত্রদলের আয়োজনে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের সব নিয়ম অনুসরণ করে ছাত্রদল এ অনুষ্ঠান আয়োজন ও সফলভাবে সম্পন্ন করে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে আমরা ৬ জুন প্রকাশিত বিভিন্ন পত্রিকায় দেখতে পাই সাংবাদিক নেতা ওমর ফারুকের ওপর ছাত্রদল হামলা করেছে। এ সংবাদ আমাদের বিস্মিত ও হতবাক করেছে। কারণ ছাত্রদলের আলোচনা সভায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং এই সংবাদ অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা বলেন. ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। কিন্তু সেই গণমাধ্যমকর্মীরা যখন এরকম কাল্পনিক ঘটনা সাজিয়ে দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ছাত্র সংগঠনকে বিতর্কিত করার অপচেষ্টা চালান তা দুঃখজনক বটে। কারণ ছাত্রদল একটি সুশৃঙ্খখল ও জনপ্রিয় ছাত্র সংগঠন। এই সংগঠনের নেতাকর্মীরা গণমাধ্যমবান্ধব ও সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল।’
প্রতিবাদ লিপিতে তারা আরো উল্লেখ করেন, ‘জাতীয় প্রেসক্লাব একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে সবসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন উপস্থিত থাকেন। সিসি ক্যামেরায় নিরাপত্তা ব্যাবস্থা পর্যবেক্ষণ করা হয়। সাংবাদিক নেতার ওপর হামলার ঘটনার অপপ্রচার নিশ্চয় ক্লাব আঙ্গিনায় কর্তব্যরতদের বিস্মিত করেছে। কোনো প্রত্যক্ষদর্শীর বরাত ও প্রমাণ ছাড়া সাংবাদিক নেতা ওমর ফারুক তার গায়ে একটি খণ্ড মিছিলের লোকজনের ধাক্কা লেগেছে বলে অভিযোগ করেন। যেহেতু ছাত্রদলের সভা চলাকালে একটি অভিযোগ উঠেছে, সে জন্যে ছাত্রদল সভাপতি সৌজন্যতার স্বার্থে তার সঙ্গে দেখা করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তার জন্যে দুঃখ প্রকাশ করেন। তখনও তিনি হামলার কথা সুস্পষ্টভাবে বলেননি।’
ছাত্রদল এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয়তাবাদী যুবদলের পূর্বঘোষিত কর্মসূচি হওয়ার কথা ছিল। প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে অডিটোরিয়াম ভাড়া করা হয়েছিল। কিন্তু সাংবাদিক নেতার ওপর হামলার অভিযোগে তা বাতিল করা হয়। পরে যুবদল গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করে।
