আদালতের ব্যতিক্রমী রায়ে সংসারে ফিরলেন ৪৫ দম্পতি

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:০৩ এএম

সাজার পরিবর্তে হাতে ফুল দিয়ে আর মিষ্টি মুখ করিয়ে গতকাল বুধবার ৯০ জন স্বামী ও স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বের মামলা নিষ্পত্তির করেছেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। এতে ৪৫টি পরিবারের সন্তানদের তাদের বাবা-মায়ের সান্নিধ্য লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। আর বিচ্ছেদ থেকে রক্ষা পেয়েছে পরিবারগুলো।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্ব, যৌতুক দাবি কিংবা স্ত্রীর প্রতি খারাপ আচরণসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এই ৪৫ দম্পতির মধ্যে মামলা চলছিল। স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের কারণে সবাই ছিলেন আলাদা। এতে পারিবারিক বিরোধ বেড়ে যাওয়ার পাশাপাশি তাদের সন্তানরা ছিল বাবা-মায়ের আশ্রয়হীন। পরিবারের এসব সন্তানের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দিতে এবং স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মেটাতে আদালত এসব মামলায় সাজার পরিবর্তে নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।

গতকাল দুপুরে বিচারক মো. জাকির হোসেন ওই ৯০ জন স্বামী-স্ত্রীর বিরোধ মীমাংসা করে মামলা নিষ্পত্তি করেন। স্বামী-স্ত্রী সন্তানদের নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, স্বামী-স্ত্রী উভয়ে উভয়কে যথাযোগ্য মর্যাদা দেওয়া, মনোমালিন্য-বিরোধ দেখা দিলে নিজেরা আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করা, স্ত্রীকে নির্যাতন না করা, যৌতুক না চাওয়ার শর্তে এসব মামলা আপস নিষ্পত্তি করা হয়।

আদালত এসব রায়ের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করে, ‘আইন-আদালত সৃষ্টি হয়েছে মানুষকে শুধু শাস্তি দেওয়ার উদ্দেশ্যেÑমানুষের এ ধারণাকে পাল্টে দেওয়ার জন্য আজকের এ রায়। আদালত যে শুধু শাস্তিই দেয় না, মানুষের মধ্যে শান্তির সুবাতাস দেয়, সম্প্রীতির বন্ধন গড়ে দেয় এ রায়ের মাধ্যমে মানুষ তা অনুধাবন করতে পারবে।’

আর এসব রায়ে পারিবারিক বিরোধ নিষ্পত্তি হওয়ায় সন্তুষ্টি জানান স্বামী-স্ত্রীরাও।

জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক এনাম আহমদ বলেন, বারবার আদালতের এমন রায়ের ফলে অন্যান্য স্বামী-স্ত্রী যারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মামলা লড়ে যাচ্ছেন, তারাও এ পথ পরিহার করে শান্তির পথে আসতে উৎসাহী হবেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, আদালতের এমন উদ্যোগ বিচারপ্রার্থী মানুষের মধ্যে বিচারের প্রতি আস্থা বাড়াবে। এর আগেও একই আদালত দুই শতাধিক পরিবারকে এমন রায়ের মাধ্যমে সংসার জীবনে ফিরিয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত