বাংলাদেশের ১৪ বছর পর উইন্ডিজ, অপেক্ষা ফুরাল মুলতানের

আপডেট : ০৯ জুন ২০২২, ০৩:২৬ পিএম

অবশেষে অপেক্ষা ফুরাল মুলতান ক্রিকেট স্টেডিয়ামের। ১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে এই ভেন্যুতে। বুধবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের টস করতে নামার মধ্য দিয়ে শেষ হয় মুলতানের অপেক্ষা। প্রথম ম্যাচে জিতেছে বাবর আজমের দল।

শাই হোপের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রান করে ক্যারিবিয়ানরা। কিন্তু বিশাল এই স্কোর নিয়েও পাকিস্তানিদের থামাতে পারেনি উইন্ডিজ। অধিনায়ক বাবরের ১০৭ বলে ১০৩ রানের সুবাদে ৫ উইকেট ও ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার প্রায় এক দশক বন্ধ থাকার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)। সে অভিযানে বেশ সফল তারা। তবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও অপেক্ষায় ছিল মুলতান।

২০০৮ সালে এপ্রিলে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে সর্বশেষ সফর করেছিল বাংলাদেশ। এরপর প্রায় এক যুগ পর খেললো উইন্ডিজ। এই সিরিজ শুরুতে হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। তবে শেষ মুহূর্তে ভেন্যু সরিয়ে নেওয়া হয় মুলতানে।

উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজটি হওয়ার কথা গত বছরের ডিসেম্বরে। তবে ক্যারিবিয়ান দলে কভিড-১৯ মহামারি সংক্রমণে এক বছর পিছিয়ে দেওয়া হয় এই সিরিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত