নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২২, ০৪:১৮ পিএম

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)। তারা সম্পর্কে জা হন।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টির সময় বিদ্যুতের তার থেকে ঘরের কলাপসিবল গেইট বিদ্যুতায়িত হয়। এ সময় ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী কলাপসিবল গেট ধরেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও স্পৃষ্ট হন।

এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ১০০ শয্যা (ভিক্টোরিয়া) হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান জানান, দেওভোগে বিদ্যুৎস্পৃষ্ট একই পরিবারের ৩ জন নারীকে দুপুরে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি জানান, বাড়ির মূল গেইট বিদ্যুতায়িত হয়েছিল। প্রথমে এক নারী বিদ্যুতায়িত হলে তার অপর দুই জা বাঁচাতে এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দ্রুত তাদের বাড়ি থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন গৃহবধূর মরদেহ তাদের স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। ওই এলাকার বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

এদিকে একই পরিবারের তিন গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত