আগামী ২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটে অর্থ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের পর তৃতীয় সর্বোচ্চ বাজেট প্রস্তাব করা হয়েছে প্রতিরক্ষা খাতে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছর বরাদ্দ ছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ স্লোগান নিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য মোট ৬২ মন্ত্রণালয় ও বিভাগের আওতায় ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। তার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পায় অর্থ মন্ত্রণালয় এক লাখ ৯০ হাজার ৭১৩ কোটি টাকা।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ ৪১ হাজার ৭০৭ কোটি টাকা এবং তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০ হাজার ৩৬০ কোটি টাকা। গত ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়েছিল ৩৭ হাজার ৬৯১ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকায়।
