শ্লীলতাহানির অভিযোগ

অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল নিয়ে ডিসি অফিসে শিক্ষার্থীরা

আপডেট : ১০ জুন ২০২২, ১২:৩৮ এএম

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রছাত্রীসহ স্থানীয়রা মিছিল করেছে। তারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার দুুপুরের দিকে মিছিল নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান নেয়।

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের ‘কান্দি এম ইউ আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ আজিম উদ্দিনের বিরুদ্ধে তারা এ মিছিল করে। পরে খবর পেয়ে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিচারের আশ^াস দিয়ে বাড়িতে ফেরত পাঠান শিক্ষার্থী ও স্থানীয়দের।

মিছিলে আসা শিক্ষার্থীদের ভাষ্যমতে, সম্প্রতি মাদ্রাসার অধ্যক্ষ অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে পড়াতে গিয়ে শ্লীলতাহানি করেন। বিষয়টি শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানানো হলেও তারা অধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এক সপ্তাহ ধরে কালক্ষেপণ ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় অধ্যক্ষের বিচারের দাবিতে মিছিল নিয়ে তারা ডিসি অফিসে আসতে বাধ্য হয়েছে।

এ ব্যাপারে জানতে মাদ্রাসার অধ্যক্ষ আজিম উদ্দিনকে বহুবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার ও কাইলাটি ইউপি চেয়ারম্যান নাজমুল হক জানান, এ ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, লিখিত অভিযোগ পাননি। তবে আজ (বৃহস্পতিবার) মৌখিকভাবে জানতে পেরেছেন। বিষয়টির সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত