নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে জা হন। তারা হলেন, ওই এলাকার রঞ্জিত ঘোষের স্ত্রী বিমলা রানী ঘোষ (৫২), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ (৪২) ও রূপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ (৩৮)।
ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃষ্টির সময় বিদ্যুতের তার থেকে ঘরের কলাপসিবল গেট বিদ্যুতায়িত হয়। এ সময় ঘরের মেঝে পরিষ্কার করার জন্য বিমলা রানী কলাপসিবল গেট ধরলে তিনি বিদ্যুতায়িত হন। ঘরের অন্য দুই জা অসুস্থ ভেবে তাকে ধরতে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এ সময় পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।’
সদর মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘ওই এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’
