মাঙ্কিপক্সে আক্রান্ত নন তুরস্কের সেই নাগরিক

আপডেট : ১০ জুন ২০২২, ০২:২৫ এএম

সম্প্রতি বাংলাদেশে আসা তুরস্কের এক নাগরিককে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে রাজধানীর মহাখালীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে আইসোলেশনে (সঙ্গনিরোধে) রাখা হয়েছিল। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা হিসেবে শরীরে দেখা দেওয়া ফুসকুড়ির রস নিয়ে আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করেছে। সেই পরীক্ষায় ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত নন বলে জানা গেছে। তুরস্কের ওই নাগরিক চর্মরোগে আক্রান্ত বলে নিশ্চিত হওয়ার পর হাসপাতাল কর্র্তৃপক্ষের সিদ্ধান্তে গতকাল বৃহস্পতিবার তাকে ছাড়পত্রও দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘তুরস্কের ওই নাগরিকের শরীরে অন্য কোনো উপসর্গ নেই। তিনি চর্মরোগে আক্রান্ত।

আরটিপিসিআর পদ্ধতিতে পরীক্ষা করে ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত নয় বলে জানা যায়। তাই আমরা তাকে ছাড়পত্র দিয়েছি।’

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক এর আগে জানিয়েছিলেন, তুরস্কের ওই নাগরিকের সমস্যাটা দীর্ঘদিনের, প্রায় ১২-১৩ বছরের পুরনো। তুরস্কের চিকিৎসকরা তাকে সোরিয়াসিস (এক ধরনের অসংক্রামক চর্মরোগ) রোগী হিসেবে চিকিৎসা দিয়েছেন।

তুরস্কের এই নাগরিক গত মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সন্দেহ হলে স্বাস্থ্য কর্মকর্তারা তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেন।

টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর ১২টায় শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। ইমিগ্রেশন পার হওয়ার সময় সন্দেহ হলে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত