বাঁশখালীতে ডামি প্রার্থীর ছড়াছড়ি

প্রার্থী হয়েছেন স্বামী-স্ত্রী ভাই-ভাই, তালই-পুতরা

আপডেট : ১১ জুন ২০২২, ০২:১১ এএম

চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদে ডামি প্রার্থীর ছড়াছড়ি। স্বামীর সঙ্গে একই ইউনিয়নে দাঁড়িয়েছেন স্ত্রী, ভাইয়ের সঙ্গে ভাই এবং তালইয়ের সঙ্গে দাঁড়িয়েছেন পুতরা। দেখতে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও তারা মূলত ডামি প্রার্থী। স্থানীয়রা জানিয়েছেন, এসব ডামি প্রার্থীর অধিকাংশই কোনো পোস্টারও ছাপায়নি।

উপজেলার অন্তত তিনটি ইউনিয়নে স্বামীর সঙ্গে স্ত্রীকে প্রার্থী হতে দেখা গেছে। তারমধ্যে খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দারের (নৌকা) সঙ্গে তার স্ত্রী ইছরাত জাহান পিনন (দুটি পাতা), কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিনের (নৌকা) সঙ্গে তার স্ত্রী সেলিনা আকতার শেলী (আনারস) এবং গন্ডামারা ইউনিয়নে লেয়াকত আলীর (আনারস) সঙ্গে তার স্ত্রী জেসমিন আক্তার (টেলিফোন) প্রার্থী হয়েছেন।

এ ছাড়া পুইছড়িতে সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরীর (টেবিল ফ্যান) সঙ্গে তার মেয়ের জামাইয়ের ছোট ভাই (পুতরা) তারেকুর রহমান (অটোরিকশা) এবং জাকের হোসেন চৌধুরীর (নৌকা) সঙ্গে তার বড় ভাই তফাজ্জল হোসেন চৌধুরী (মোটরসাইকেল) প্রার্থী হয়েছেন। ছনুয়ায় বর্তমান চেয়ারম্যান হারুনুর রশিদের (মোটরসাইকেল) সঙ্গে তার ছোট ভাই আলমগীর কবির (ঘোড়া) প্রার্থী হয়েছেন।

আগামী ১৫ জুন এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত