হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শুক্রবার ভারতের ঝাড়খণ্ডে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই সময় সংঘর্ষ ছড়িয়ে পড়লে ২ জন নিহত ও ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ কারফিউ জারি করে।
বেশ কয়েকদিন আগে এক টিভি শো’তে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর করেন বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। এর পরপরই মুসলিম প্রধান প্রায় ১৫টি দেশ ওই ঘটনায় ভারতের জবাবদিহি চায়। যার জেরে বিজেপি দুই মুখপাত্রকে বরখাস্ত করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
ওই ঘটনায় উত্তাল হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার রাঁচিতে বিক্ষোভ মিছিল বের হয়। যা একসময় হিংসাত্মক রূপ ধারণ করে। এ ঘটনায় দুই জন নিহত হন। পাশাপাশি ১০ জন আঘাতও হন। তবে সংঘর্ষের বিস্তারিত বা হতাহতের বর্ণনা দেয়নি সংবাদমাধ্যমটি।
দ্য ওয়াল জানায়, বিক্ষোভে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছোড়ে।
পরে রাঁচি পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অনীশ গুপ্ত বলেন, ‘সামান্য উত্তেজনা’ ছড়িয়ে পড়া সত্ত্বেও বর্তমানে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ আছে।
এদিকে বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে শুক্রবারও পশ্চিমবঙ্গে জারি ছিল অবরোধ। জুমার নামাজের পর কলকাতা, হাওড়াসহ রাজ্যটির বিভিন্ন জেলায় শুরু হয় অবরোধ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুরোধেও অবরোধ তোলেননি তারা। বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করে পুলিশ।
