সীতাকুন্ডের সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও এক ইউপি মেম্বারের সহায়তায় সংখ্যালঘু ও নিরীহ আওয়ামী লীগ সমর্থকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে সীতাকুন্ড প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়।
লিখিত ও মৌখিক অভিযোগে তারা বলেন, শীতলপুরের শীতল মানুষগুলো আর শীতল থাকতে পারছেন না। স্থানীয় ইসমাইল, আজিজুল গাউছ টিটু, আরিফুল গাউছ বাবুর বাহিনী পুরো এলাকাকে জিম্মি করে রেখেছে। ইউপি মেম্বার বাবলু ও স্থানীয় চেয়ারম্যানের প্রশ্রয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এই বাহিনী। তাদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে ৩৬ জন নারী-পুরুষ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইসমাইল ও আজিজুল গাউছ টিটু বলেন, ‘সংখ্যালঘু দুই পরিবারের দ্বন্দ¦ মেটাতে গিয়ে আমরা একপক্ষের রোষানলে পড়েছি। সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি মেম্বার বাবলু ও চেয়ারম্যান মনির আহমদ ফোন করলে তারা রিসিভ করেননি।
