রৌমারীতে আকস্মিক ঢল, পানিবন্দী ২০ গ্রামের মানুষ

আপডেট : ১২ জুন ২০২২, ১২:০৪ এএম

টানা বর্ষণ ও উজানে ভারত থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ২০ গ্রামের কয়েক হাজার মানুষ।

শনিবার বিকেলের এই আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, রাস্তাঘাটসহ প্রায় শতাধিক হেক্টর জমির পাট ও শাকসবজি তলিয়ে গেছে। বর্তমানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা ও কলাগাছের ভেলা। উপজেলার ২১টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েও পানি উঠেছে।

পানিবন্দী হয়ে পড়া গ্রামবাসীরা জানান, কয়েক দিনের টানা বর্ষণে খাল-বিলে পানি থইথই করছেন। শনিবার বিকেলে উজানে ভারত থেকে আকস্মিক পাহাড়ি ঢল নামায় এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে।

যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী বলেন, বন্যার পানিতে ইউনিয়নের ২০০ বসতভিটা তলিয়ে গেছে। কলাগাছের ভেলা আর নৌকায় চড়ে লোকজনকে যাতায়াত করতে হচ্ছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান বলেন, আকস্মিক বন্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা বরাদ্দের আবেদনও করা হয়েছে।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাউয়ুম চৌধুরী বলেন, অতিবৃষ্টি ও আকস্মিক পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শতাধিক হেক্টর জমি বন্যার পানিতে নিমজ্জিত।

রৌমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, উপজেলার ২১টি বিদ্যালয় পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে ১৩টি বিদ্যালয় যাদুরচর ইউনিয়নে। পানিবন্দী এলাকার বিদ্যালয়গুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, আকস্মিক বন্যার কবলে দুর্গত এলাকাগুলো পরিদর্শন করা হয়েছে। পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত