রাজধানীর বাংলা মোটরে পুলিশের কনস্টেবলকে চাপা দিয়ে পিষ্ট করা ওয়েলকাম পরিবহনের চালক ও মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে চালক জাকির হোসেন (৪০) ও ঢাকার সাভার এলাকা থেকে বাসটির মালিক মো. আলম ওরফে খোকাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানিয়েছে, বাসটির কোনো ফিটনেস ছিল না। এছাড়া দৈনিক চুক্তি ভিত্তিতে চলার কারণে চালক বেপরোয়াভাবে বাসটি চালাতেন। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার দিন কারওয়ান বাজার সিগন্যাল থেকে যাত্রী নিয়ে পরবর্তী সিগন্যালে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্যকে চাপা দেন জাকির। বাংলা মোটরে গিয়ে বাসটি রেখে পালিয়ে যান তিনি। পরে বাস কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাকে আত্মগোপনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
তিনি বলেন, বাসের মালিক আলম ২০১৭ সালে পরিবহন ব্যবসা শুরু করেন। একটি বাসের লাভ দিয়ে ২০২০ সালে এই বাসটি কিনে রুট পারমিট ছাড়াই সড়কে চালানো শুরু করেন। এখনো গাড়িটির রুট পারমিট না পেলেও দুই বছর ধরে গাড়িটি রাস্তায় চলছিল। ঘটনার পর তিনিও সাভারে আত্মগোপনে যান।
উল্লেখ্য, গত ৬ জুন সকালে মোটরসাইকেলযোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে যাওয়ার পথে বাংলা মোটর সড়কে ওয়েলকাম পরিবহনের বাসচাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলী মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়।
