কর্মশালায় সিটিটিসি প্রধান

জঙ্গিবাদ নিয়ে কাজ করা রিপোর্টারদের আরও যত্নশীল হওয়ার আহ্বান

আপডেট : ১২ জুন ২০২২, ০৮:৩৯ পিএম

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেছেন, জঙ্গিদের কৌশল মোটামুটি একই। সন্তানদের হঠাৎ করে বদলে যাওয়ার বিষয়গুলো পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিলে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। এ ব্যাপারে অভিভাবকদের সচেতনতা জরুরি।

রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে সিটিটিসির সহযোগিতায় ‘উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মীর ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সিটিটিসির ডিসি মাহফুজুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার নাজমুল হক, সিটিটিসির সহকারী কমিশনার নাজমুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলি মানিক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান।

সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। এরপর থেকে সিটিটিসি দেশে জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সফলতাও মিলেছে। দেশ থেকে জঙ্গিবাদ যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে তা বিশ্বে রোল মডেল। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ৪০তম অবস্থানে রয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর থেকে এ পর্যন্ত দেশে কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, প্রথমবারের মতো জঙ্গিবাদের ওপর ব্যাপক গবেষণা করা হয়েছে। ইতিমধ্যে ৩৪টি গবেষণা সম্পন্ন হয়েছে। তিনি জঙ্গিবাদ নিয়ে কাজ করা রিপোর্টারদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সিটিটিসির পক্ষ থেকে জঙ্গিবাদ নিয়ে বিশেষ ফেলোশিপের ব্যবস্থা করা হবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমরা সব জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিয়েছি। আস্তানা যদি গুঁড়িয়ে দেওয়া না যেত তাহলে আরও বড় বড় ঘটনা ঘটতে পারত। এটা আমাদের সফলতা।

তিনি বলেন, যারা রেডিকালাইজড হয়ে জঙ্গিবাদে জড়িয়েছে, তাদের অবস্থাটা কেমন ছিল, একদিনেই তারা বদলে যায়নি। তারা দিনের পর দিন বদল এনেছে। বাসা থেকে বের হয়ে বা হিজরতে কারা অনুঘটক হিসেবে কাজ করেছে, বের করুন। শুধু খবর প্রচারই নয়, গণমাধ্যমের দ্বৈত ভূমিকা নিতে হবে, যাতে করে জঙ্গিবাদ সমূলে নির্মূল করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, জঙ্গিবাদ নিয়ে প্রতিবেদন করতে হলে অনেক পড়াশোনা করা দরকার। জানা দরকার গ্লোবাল থেকে লোকাল পর্যন্ত। জঙ্গিবাদের প্রতিবেদন লেখার ক্ষেত্রে শব্দ চয়নে বিশেষ সতর্কতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, জঙ্গিবাদ পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জঙ্গিবাদে জড়ানো ব্যক্তি।

তিনি বলেন, আজকের কর্মশালা থেকে আমরা যা অর্জন করেছি তা সামনে আমাদের কাজের সহায়তা করবে। জঙ্গিবাদ বা উগ্রতার ক্ষেত্রে আমরা যে রিপোর্টিং করি সেখান থেকে কিন্তু জঙ্গিরাও বিভিন্ন তথ্য নেয়। ফলে আমরা শব্দ প্রয়োগে সতর্ক হব। কোন শব্দ ব্যবহার করলে তারা হিরো হয়ে যায় সে বিষয়টিতে সতর্ক থাকব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত