টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার কক্ষে চাপাতি নিয়ে প্রবেশ করায় অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলা সদরের সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। গতকাল ছিল অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় পরীক্ষা। ৫ নম্বর কক্ষে সামির আলী নামে অষ্টম শ্রেণির ওই ছাত্র প্যান্টের পকেটে চাপাতির একাংশ ঢুকিয়ে ওপরে পরনের শার্ট দিয়ে ঢেকে কক্ষে ঢোকে। এ সময় পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হয়। শিক্ষকের চাপে একপর্যায়ে সে পকেট থেকে চাপাতিটি বের করতে বাধ্য হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে অবহিত করেন।
পরে প্রধান শিক্ষক বিষয়টি ইউএনও মো. হাফিজুর রহমানকে অবহিত করেন। ইউএনও ওই ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের নির্দেশ দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
