‘অজুহাত না দিয়ে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া উচিত’

আপডেট : ১৩ জুন ২০২২, ০২:৪৪ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আইনের অজুহাত না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া উচিত।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পদ্মাসেতু উদ্বোধনে লাখ লাখ টাকা ব্যয় না করে আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দিন।

সোমবার (১৩ জুন) রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে  ‘কোরবানির ঈদে দরিদ্র পরিবারদের খাদ্য সাহায্যের আবেদন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, পদ্মাসেতু উদ্বোধনে লাখ লাখ টাকা ব্যয় না করে আসন্ন ঈদে দরিদ্র পরিবারকে সহায়তা করা উচিত। দেশে প্রায় ৩ কোটি দরিদ্র পরিবার রয়েছে। গণস্বাস্থ্য ২০ হাজার পরিবারকে ঈদে নিত্যপণ্য সামগ্রী উপহার দেয়ার উদ্যোগ নিয়েছে।  দেশবাসী ও প্রবাসীদের এ উদ্যোগে সাধ্যমতো অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত