বড়াইগ্রামে এক দিনে কুকুরের কামড়ে আহত ১৫

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:৩৬ এএম

নাটোরের বড়াইগ্রামে এক দিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর ও রয়না মহল্লাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল কুকুরের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি গ্রামের আহতরা হাসপাতালে এসেছে। কুকুরের কামড়ে কারও হাত, কারও পা ও মুখে ক্ষত রয়েছে। এছাড়া কয়েকজন নাটোর সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

আহতদের মধ্যে মামুদপুর গ্রামের মোবারক হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, ভরতপুর গ্রামের ইমন, ফুলজান বেগম, হাফেজা বেগম, সাইফুল ইসলাম ও বাগডোব গ্রামের রোকেয়া বেগম, রয়না গ্রামের সুবোধ সরকারকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভরতপুর গ্রামের তুলা বেগম, কাওসার আলী, শহীদুল ইসলাম, সোয়াদ, রয়না গ্রামের আঞ্জুয়ারা বেগম ও মামুদপুর গ্রামের হিমু খাতুনকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মারিয়াম খাতুন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান চালানো যাচ্ছে না। তবে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় এসব কুকুরকে ভ্যাকসিন দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত