শিক্ষা উপমন্ত্রীকে কটূক্তি

সাবেক ভিপি নুরের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

আপডেট : ১৫ জুন ২০২২, ০১:৪৭ এএম

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কটূক্তি করা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন এক আইনজীবী। 

গতকাল মঙ্গলবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম। সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর শুনানি শেষে মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলার বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত দেশ রূপান্তরকে বলেন, ‘গত ১ জুন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার সংগঠনের ব্যানারে একটি অনুষ্ঠান থেকে শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। রাতে তার ওই বক্তব্য সামাজিক মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। নুরের বক্তব্যটি ছিল অত্যন্ত অসম্মানজনক। এটি ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অপরাধ। তাই আমি সংক্ষুব্ধ হয়ে মঙ্গলবার এ মামলা দায়ের করি। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত