শুক্রবার সারা দিন দেখা গেল জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও নবাগত চিত্রনায়ক আদর আজাদ হলে হলে ঘুরে বেড়াচ্ছেন, আর কী যেন তালাশ করছেন? কৌতূহলী হয়ে অনুসন্ধান করতেই জানা গেল হলে হলে ঘুরে তারা মূলত দর্শকদের রেসপন্স তালাশ করে বেড়াচ্ছেন। এবার আসি মূল কথায়, ১৭ জুন শুক্রবার দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও নবাগত আদর আজাদ অভিনীত চলচ্চিত্র ‘তালাশ’। সৈকত নাসির পরিচালিত রোমান্টিক-থ্রিলার গল্পের সিনেমার গান, ফার্স্টলুক, ট্রেলার ও পোস্টার ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। মুক্তির প্রথম দিনেও ছবিটি ভালো সাড়া ফেলছে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।
ছবিটির পরিবেশক জাহিদ হাসান অভি দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার সারা দিন বৃষ্টি ছিল। বৃষ্টি উপেক্ষা করেই দর্শকেরা সিনেমা হলে উপস্থিত হয়েছেন। বেশ ভালো সাড়া পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের সংবাদ।’
অভি জানান, রাজধানীর স্টার সিনেপ্লেক্স, চিত্রামহল, নারায়ণগঞ্জের লায়ন সিনেমাসসহ বেশকিছু প্রেক্ষাগৃহে ঘুরে বেড়িয়েছেন আদর আজাদ, বুবলী, সৈকত নাসিরসহ তালাশ টিম।
এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ওয়ার্ল্ড রেকর্ড আছে যে, ছোট বাজেটের সিনেমা গল্প, মেকিং ও অভিনয়শিল্পীদের অভিনয়ের কারণে হুট করে বড় বাজেটকে পেছনে ফেলে দেয়ার। আমার এ সিনেমার গল্পই মাস্টার পিস। বাজেট এখানে সাবজেক্ট না। আদর-বুবলী’সহ সবাই ভালো অভিনয় করেছে। সিনেমাটির গান ও ট্রেলার দর্শক খুবই পছন্দ করেছে। প্রথম দিনেও বেশ ভালো সাড়া পাচ্ছি।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হলে হলে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও শেয়ার করছেন শবনম বুবলী ও আদর আজাদ। তাদের শেয়ার করা ছবি ও ভিডিওতে বেশ ভালো দর্শকই চোখে পড়েছে।
আদর-বুবলী বলেন, করোনায় অন্য সেক্টরের মতো আমাদের চলচ্চিত্রেও অনেক ক্ষতি হয়েছে। প্রেক্ষাগৃহ খোলার পর সেই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছেন প্রেক্ষাগৃহ মালিকরা। প্রেক্ষাগৃহ খোলার পর সেভাবে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দর্শক টানতে না পারলেও ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। সেই ধারাবাহিকতায় সিনেমা মুক্তির প্রথম দিনেও আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ। এ ধারা অব্যাহত থাকলে বেশি দিন লাগবে না আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে। আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।’
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
