পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া অন্য কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় তহবিল সংস্থার বিদেশি তহবিল থেকে এটি নির্মাণে অর্থ নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে দাবি করে যে, পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত হয়েছে। অন্য কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় তহবিল সংস্থার কোনো বিদেশি তহবিল থেকে এটি নির্মাণে অর্থ নেওয়া হয়নি। বাংলাদেশি ও বিদেশি—উভয় নির্মাণ প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন যে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন, তা বিদেশি অর্থায়নে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে নির্মিত বলে কিছু মহল দেখানোর চেষ্টা করছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এ সেতুর সমাপ্তি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ করবে, যার ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে আশা করে, বাংলাদেশের সব বন্ধুরা এ যুগান্তকারী প্রকল্পের সমাপ্তি উদ্যাপনে হাত মেলাবে, যার বিশেষ কারণ—এটি সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অবদানে সম্পন্ন হয়েছে।
