দুই যুগ পর নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সম্মেলন

আপডেট : ১৮ জুন ২০২২, ০২:২৫ পিএম

দীর্ঘ প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন।

শুক্রবার বিকেলে বন্দরের সমরক্ষেত্র’৭১ মাঠে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ঘোষণা করা হয় কমিটি।

সম্মেলনে সানাউল্লাহ সানুকে সভাপতি ও আবু নাইম ইকবালকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

অপরদিকে মোদাসেরুল হক দুলালকে সভাপতি ও কাউন্সিলর আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।    

এ সময় জিএম কাদের ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জনগণের সঙ্গেই আছি। আমরা সরকারি দলের সঙ্গে নেই। আমরা বিপক্ষ দলেও নেই। জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল। আমরা কোনো দলের লেজুড় বৃত্তি করব না। যে দেশের জন্য ভালো কাজ করবে, জনগণের পক্ষে যারা রাজনীতি করবে আমরা তার সঙ্গে থাকব। তাকে আমরা সমর্থন দেব। দেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে। সংবিধানে দেশের মালিক জনগণ হলেও দেশের মালিকানা এখন জনগণের হাতে নেই। জাতীয় পার্টি জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে।

তিনি আরও বলেন, ‘অনেক রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গেছে। ছোট ছোট রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ চিত্র। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির অবস্থাও এখন সঙ্গীন। জাতীয় পার্টি এখন আর দুর্বল নয়। জাতীয় পার্টি এখন একটি শক্তিশালী রাজনৈতিক দল। দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে জাতীয় পার্টি।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশ আজ বড় ধরনের ক্রান্তিকাল অতিক্রম করছে। যতই দিন যাচ্ছে দুর্যোগ ঘনিয়ে আসছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। 

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান এমপি ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।

সম্মেলন শেষে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে সানাউল্লাহ সানু ও সাধারণ সম্পাদক হিসেবে আবু নাইম ইকবাল এবং মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে মুদাসসিরুল হক দুলাল ও সাধারণ সম্পাদক হিসেবে আফজাল হোসেনের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

এর আগে ১৯৯৯ সালে নারায়ণগঞ্জ জেলা ও শহর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এইচ এম এরশাদের উপস্থিতিতে এবং প্রয়াত এমপি নাসিম ওসমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সম্মেলনে রাইসুল হককে সভাপতি ও লিয়াকত হোসেন খোকাকে সাধারণ সম্পাদক করে জেলা এবং কমান্ডার মহিউদ্দিন আহমেদ দুলালকে সভাপতি ও আবুল খায়ের ভূইয়াকে সাধারণ সম্পাদক করে শহর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত