নারায়ণগঞ্জের বন্দরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাবিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আইসতলা কলাবাগ এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মাবিয়া বেগম তাদের নিজ গাছ থেকে তিনটি কাঁঠাল পেরে তার মেয়ের বাড়িতে যাওয়া উদ্দেশ্যে রওনা হয়।
ওই সময় কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে একই এলাকার মৃত হাসান আলী মিয়ার ছেলে হাজী আব্দুল আউয়াল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে ওই বৃদ্ধা নিহত হন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
নিহত মাবিয়া বেগম একই এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। অভিযুক্ত হাজী আব্দুল আউয়াল হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
