সাইকেল উল্টে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট, হাজার হাজার ‘লাইক’!

আপডেট : ১৯ জুন ২০২২, ১২:৫৭ পিএম

সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার কোনও চোট-আঘাত লাগেনি যদিও।

আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট। সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। ইন্টারনেটে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পপাত ধরণীতলে প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘আমি ভাল আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

ওদিকে, ইন্টারনেটে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচরণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!

কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের অন্তর্ঘাত!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত