নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেট ও সুনামগঞ্জের বারবার বন্যার কবলে পড়ার অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চলের নদী-নালার নাব্য কমে যাওয়া। তাই খননের জন্য আরও চার গুণ বেশি অর্থায়ন করতে হবে।
গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘দূষণে বিপর্যস্ত ঢাকার নদ-নদী : সমস্যা ও সমাধান’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু দখলের দিকে নজর দিলে হবে না, দূষণের দিকেও নজর দিতে হবে। গেল ২৬ বছরে নদী রক্ষায় কাজ হয়নি। বাংলাদেশকে রক্ষা করতে হলে নদী-নালা, খাল-বিল রক্ষা করতে হবে। আমরা ১০ হাজার কিলোমিটার নৌপথ করতে কাজ করছি। এ ক্ষেত্রে নদী রক্ষা কমিশনকে সব রকম সহযোগিতা করা হবে।’
তিনি আরও বলেন, ‘নদীকে রক্ষা করতে হলে প্রথমে দূষণ থেকে রক্ষা করতে হবে। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় নদী রক্ষা কমিশনের কমিটিগুলোকে জনসচেতনতার বিষয়ে আরও সচেষ্ট হতে হবে।’
দেশের গুরুত্বপূর্ণ চারটি নদীসহ অন্যান্য নদী রক্ষায় প্রধানমন্ত্রী টাস্কফোর্স গঠন করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নদী রক্ষায় গত ৫০ বছরে যত আইনি বিধিবিধান তৈরি হয়েছে; তার সবগুলোই আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে।
