পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের মুভমেন্ট নির্বিঘœ করা এবং আসন্ন ঈদে রাজধানীর গরুর হাটের চাঁদাবাজি ঠেকাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ ও ইউনিটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল রবিবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
সভায় উপস্থিত পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে জানা গেছে কমিশনার বলেছেন, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।
কমিশনার আরও বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
বিভিন্ন সময় অপরাধ সংঘটিত হওয়ার পর আশপাশের সিসিটিভি নষ্ট থাকার কারণে ফুটেজ সংগ্রহ করা যায় না বলে রাজধানীর বিভিন্ন স্থানে অকার্যকর সিসিটিভির তালিকা করার নির্দেশ দিয়েছেন কমিশনার। এছাড়া ট্রাফিক পুলিশ ও ক্রাইমের পেট্রোল বিভাগের সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহার নিশ্চিতে নির্দেশ দেন।
