মোংলায় সরকারি দিঘির পাড় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের আগামাদুরপাল্টা গ্রামের সরকারি দিঘির পাড়ে সোমবার ৭টার দিকে একটি অজগর সাপ দেখতে পান গ্রাম পুলিশ তপন ও স্থানীয়রা।
পরে গ্রাম পুলিশের দেয়া খবরে সাড়ে ৭টার দিকে সেখান থেকে সাপটি জালে করে উদ্ধার করেন জিউধারা স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে সেটিকে জিউধারা স্টেশন এলাকার বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সাপটি লম্বায় ৫ হাত আর বয়স ৪/৫ বছর বলে জানিয়েছে বন বিভাগ।
বন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, পূর্ণিমার ভরা গোন চলছে এতে নদী-খালে পানির চাপ ও স্রোতও বেশি। তাই ধারণা করা হচ্ছে পানিতে ভেসে সাপটি লোকালয়ে চলে গিয়েছিল। আবার খাবারের সন্ধানেও লোকালয়ে গিয়ে থাকতে পারেও বলে জানান এ বন কর্মকর্তা।
তিনি আরও বলেন, কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে আসলে তার ক্ষতি না করে আমাদেরকে খবর দিলে আমরা সেটিকে উদ্ধার করে তার সঠিক নিরাপদ আবাসে ফিরে দেব। তাই গ্রামবাসীকে এ বিষয়টিও বিভিন্ন সময়ে জানিয়ে আসছি আমরা।
যার প্রেক্ষিতেই কোনো ক্ষতি ছাড়া সাপটি উদ্ধার করে বনের ভেতরে ছেড়ে দিয়েছি।
