হিলিতে আমদানি করা ভুট্টাবোঝাই ভারতীয় ট্রাকে বিপুল মাদক

আপডেট : ২১ জুন ২০২২, ০৪:০৮ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা ভুট্টাবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ফেনসিডিল, বিদেশি মদ, নেশাজাতীয় এম্পোলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

গতকাল সোমবার রাতে হিলি স্থলবন্দরের ভেতরে ভুট্টাবোঝাই ডাব্লু বি ২৩/ডি ১৩৮১ নম্বর সংবলিত ভারতীয় ট্রাকে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে কাস্টমস।

এ সময় ভুট্টাবোঝাই ট্রাকটি ও ট্রাকের চালককে নিজেদের হেফাজতে নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বলেন, ভারত থেকে আমদানি করা ভুট্টাবোঝাই একটি ট্রাকে করে দেশে কিছু অবৈধ পণ্য বা মাদক আসতে পারে এমন খবর পায় কাস্টমস।

সেই গোপন খবরের ভিত্তিতে হিলি কাস্টমস কর্তৃপক্ষ সতর্ক অবস্থান নেয়। পরে রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে হিলি কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের অভ্যন্তরে একটি ভারতীয় ট্রাকে অভিযান চালায়।

এ সময় ভুট্টাবোঝাই একটি ট্রাকের চালকের বসার আসনের নিচ থেকে ও হুডের ভেতর থেকে ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।

এর মধ্যে সাড়ে ৭শ এমএলের রয়েল স্টাগ মদ ১৫ পিস, ৩৭৫এম এলের ইম্প্রিয়াল ব্লু মদ ৪ পিস, ১৮০ এমএলের অফিসার্স চয়েজ মদ ৬৮ পিস, ফেনসিডিল ৭৫ পিস, সাড়ে ৭শ এমএলের ম্যাজিক মোমেন্টস ভোদকা মদ ২ পিস, ৬শ এমএলের টিনকুড়ি মদ ৫ পিস, সাড়ে ৭শ এমএলের ব্লিন্ডার প্রাইড মদ ৫ পিস, ১৮০এমএলের অফিসার্স চয়েজ মদ ৪ পিসসহ সর্বমোট ১৭৮ বোতল মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ছাড়া নেশা জাতীয় ব্রুপেনেরিয়া ইনজেকশন ১ হাজার ৩৬৩ পিস উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের গায়ে থাকা ভারতীয় মূল্য ৬০ হাজার ৫৩১ রুপি।

আমদানি করা পণ্যবাহী ট্রাক থেকে মাদক উদ্ধারের এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগেও বন্দরের ভেতরে তিনটি বাংলা ট্রাকের কেবিন থেকে কিছু মদ উদ্ধার করা হয়েছিল। আসলে ট্রাকের চালক যেখানে বসে সেটি তার সংরক্ষিত এলাকা এখানে কখনো আমদানি করা পণ্য আসে না বলেই আমরা জানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত