ফোবানার সাবেক চেয়ারম্যান ও সেক্রেটারি বহিষ্কার

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৫৩ এএম

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার (ফোবানা) বিলুপ্ত কমিটির চেয়ারম্যান রেহান রেজা ও এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরীকে  আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান এম. মাওলা দিলু ও জয়েন্ট সেক্রেটারি  নাহিদুল খান সাহেলকে অনৈতিক কর্মকা-ের জন্য ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফোবানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফোবানার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এজিএম-এর দুই-তৃতীয়াংশ সদস্যদের মতামতের ভিত্তিতে এবং গত ১৩ জুন সোমবার এক্সিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। একই সভায় ২০২২ সালের সেপ্টেম্বরে শিকাগোতে অনুষ্ঠিতব্য ৩৬তম ফোবানা সম্মেলন বাতিল ঘোষণা করে লস অ্যাঞ্জেলেসে সম্মেলনটি আয়োজন করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বহিষ্কৃত চেয়ারম্যান রেহান রেজার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৯ সালে সব চেয়ারম্যানের মতামত ও অনুরোধ উপেক্ষা করে ফোবানার ভেতর বিভক্তির সৃষ্টি, স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট বেঁধে গত বছর মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সম্মেলন বানচালের ষড়যন্ত্র, সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিষোদগার, ফোবানার কার্যক্রম পরিচলানায় বাধা প্রদান, ফোবানাকে দুই ভাগ করার প্রকাশ্য ঘোষণা, সাম্প্রতিক সময়ে ঢাকা গিয়ে ফোবানার নাম ব্যবহার করে চাঁদাবাজি, আদম ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ও অনৈতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত হওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত