জাতীয় শিক্ষা সপ্তাহ

রাজশাহীর পি এন স্কুল ও ঢাকা রেসিডেনসিয়াল কলেজ সেরা

আপডেট : ২২ জুন ২০২২, ০৩:৫৪ এএম

এ বছর দেশসেরা বিদ্যালয় নির্বাচিত হয়েছে রাজশাহীর সরকারি পি এন (প্রমথ নাথ) বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে দেশসেরা হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এছাড়া কারিগরিতে দেশসেরা হয়েছে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ১৫ ক্যাটাগরিতে মোট ২১৩ জনকে ২০২২ সালের বর্ষসেরা ঘোষণা করা হয়।

গতকাল মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর সরাসরি উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সেরাদের হাতে পুরস্কার তুলে দেন। 

২০২২ সালের দেশসেরা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের তামিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জাবেদা আক্তার জাহান। সেরা অধ্যক্ষ হয়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হয়েছেন ডেমরার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ড. মুহাম্মদ আবু ইউছুফ। কারিগরিতে সেরা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী মো. রুহুল আমিন।

স্কুল পর্যায়ে সেরা শিক্ষার্থী হয়েছে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুপমা শারমিন অনন্যা। কলেজ পর্যায়ে সেরা রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী কুইন। মাদ্রাসা পর্যায়ে সেরা হয়েছে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার মুহম্মদ ফয়সাল আহমদ এবং কারিগরি পর্যায়ে লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রাগীব ইয়াসির রোহান। সেরা শিক্ষার্থীদের মেডেল, সনদ ও ৫ থেকে ১০ হাজার টাকা উপহার হিসেবে দেওয়া হয়। ক্রেস্ট ও সনদের পাশাপাশি দেশসেরা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং শিক্ষকদের ১২ হাজার টাকা করে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত