রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় খাদ্যশস্য চুরির অভিযোগ তদন্ত করছে তুরস্ক। গতকাল বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ কথা বলেছেন। তিনি বলেছেন, তার দেশ এমন কোনো খাদ্যশস্য আমদানি করবে না।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আঙ্কারায় নিযুক্ত ইউক্রেন রাষ্ট্রদূত জুন মাসের শুরুতে অভিযোগ করেছিলেন, ইউক্রেন থেকে রাশিয়ার চুরি করা খাদ্যশস্য ক্রয়কারীদের মধ্যে তুর্কিরাও রয়েছে। এসব চুরি করা খাদ্যশস্য কেনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য তিনি তুরস্কের সহযোগিতা কামনা করেন। তবে রাশিয়া ইউক্রেনীয় খাদ্যশস্য চুরির অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে।
গতকাল আঙ্কারায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কাভুসোগলু বলেন, যেকোনো অভিযোগকে আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করি এবং তদন্ত করি। প্রত্যেকবার আমরা ইউক্রেনীয় পক্ষকে ফলাফল জানাই।
বিশ্বের মোট গম সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ উৎপাদন হয় রাশিয়া ও ইউক্রেনে। ইউক্রেন রপ্তানি করে ভুট্টা ও সূর্যমুখী তেল। কিন্তু রাশিয়ার আক্রমণের পর কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে গেছে। কাভুসোগলু বলেছেন, রাশিয়া বা অন্য কোনো দেশ ইউক্রেনের খাদ্যশস্য বা অন্যান্য পণ্য নিলে এবং আন্তর্জাতিক বাজারে তা অবৈধভাবে বিক্রি করলে তুরস্ক এমন পদক্ষেপের বিরোধিতা করবে।
