এমন আউটও সম্ভব! হেডিংলি টেস্টে নিউজিল্যান্ড ব্যাটার হেনরি নিকোলসের আউট যারা দেখেছেন তারা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন সবকিছু। ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা যারা জানেন, তাদের কাছে এমন আউট আশ্চর্যের ঠেকলেও অবিশ্বাস্য মনে না হওয়ায় স্বাভাবিক।
হেডিংলি টেস্ট নিয়ে কথাবার্তা শুরু থেকে অবশ্য কমই হচ্ছিল। কেননা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তারপরও দু’দলের সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আলোচনার থাকল প্রথম দিন।
তার কারণ— অবিশ্বাস্য এক আউট। এমন অদ্ভুতুড়ে আউট ক্রিকেট ইতিহাসে আগে হয়েছে কিনা তা সন্দেহ। আর সেই আউট নিয়ে এখন ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা।
চলমান হেডিংলি টেস্টের প্রথম দিনে ব্যাট করতে নামা কিউইদের ৫৬তম ওভার চলছে তখন। বাঁহাতি ইংলিশ স্পিনার জ্যাক লিচ বোলিংয়ে। নিকোলসের স্ট্রেট-ড্রাইভ উড়ে দিয়ে লাগে নন-স্ট্রাইকে থাকা ড্যারিল মিচেলের ব্যাটে। মিচেল বল ছেড়ে দিতে ব্যাট তুলেছিলেন। কিন্তু তাই কাল হলো নিকোলসের। মিচেলের ব্যাটের মাঝখানে বল লেগে চলে যায় মিড-অফে দাঁড়ানো অ্যালেক্স লিসের কাছে। উড়ে আসা বল তালুবন্দী করেন তিনি।
বোলিংয়ে থাকা লিচ তো বটে, কেউ ভাবতে পারেননি এমন অদ্ভুতভাবে আউট হয়ে সাজঘরে ফিরতে হবে নিকোলসকে। ভাগ্য খারাপই বটে কিউই ব্যাটারের। যে বলে চার প্রায় নিশ্চিত, তাতে এমন আউটে হতাশ নিকোলস। ধীর পায়ে ড্রেসিংরুমের দিকে ফেরেন তিনি। ওই পয়েন্টে ফিল্ডার থাকে না। সরে যেতে চাওয়া মিচেলের ব্যাটে যদিন বল না লাগতো তবে যে এমনভাবে ফিরতে হতো না নিকোলসকে।
আম্পায়ারও দ্বিধাদ্বন্দ্বে না ভুগে আউট দিয়েছেন। নিকোলসের বিশ্বাস হোক বা হোক, এমন আউটের নিয়ম আছে। অদ্ভুতভাবে উইকেট পেয়ে বেশ খুশি লিচ। তবে কিউই ব্যাটারের জন্য সান্ত্বনা ছাড়া আর কিইবা করার আছে তার!
ইংলিশ স্পিনারেরও বিশ্বাস হচ্ছে না এমনভাবে আউট হবেন নিকোলস। প্রথমদিনের খেলা শেষে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করেন লিচ, ‘এটা অবিশ্বাস্য। আমি এমন কিছু আগে কখনো দেখিনি। আমি জানতামও না এমন আউট অনুমোদিত কিনা। নিকোলসের জন্য এটা দুর্ভাগ্যের হলেও আমার জন্য ভাগ্যের।’
