গ্রামবাসীর দফায় দফায় বাধার পরও অবৈধ বালু উত্তোলনের ফলে মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ, প্রাইমারি স্কুলসহ বাড়িঘর।
বিলীন হওয়ার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারের চরলক্ষীপুর গ্রামটি।
স্থানীয়রা জানান, বালু খেকো চালিভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লতিফ কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কিছু সন্ত্রাসীকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীগর্ভে বিলীন হতে চলেছে গ্রামটি।
সরেজমিনে দেখা গেছে, চারদিকে মেঘনার অথৈ পানির মাঝখানে অবস্থিত গ্রামটিতে ছিল একটি মসজিদ, আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও।
মসজিদটি আগেই মেঘনা বক্ষে বিলীন হয়ে গেলে সেটি আবারও নির্মাণ করা হয় গ্রামের অন্যত্র। গত ১৯ জুন থেকে এ যাবৎ ৬টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
ভেঙে নদীতে পড়ে গেছে গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ১১৮নং চরলক্ষীপুর নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট এবং একটি কক্ষ। চরলক্ষীপুর গ্রামটি কালাপাহাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত।
ওই ওয়ার্ডের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ও সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ. মালেক জানান, গ্রামে প্রায় ২শ পরিবারে মধ্যে লোকসংখ্যা প্রায় ১ হাজার। তাদের মধ্যে বেশির ভাগই মৎস্যজীবী এবং কৃষক। তারা অনেকেই দরিদ্র শ্রেণির লোক।
গত কয়েক দিনের ভাঙনে স্কুলটির একটি কক্ষ ও একটি টয়লেট নদী গর্ভে চলে গেছে।
ওই গ্রামের বাসিন্দা নদীতে বিলীন হয়ে যাওয়া এক বাড়ির মালিক মো. এরশাদ আলী জানান, নদীতে বাড়িঘর বিলীন হয়ে যাওয়ায় আমাদের এখন গাছতলায় বসবাস করতে হবে। কোথাও বসতি গড়ার জায়গা নাই।
একইভাবে দুঃখ প্রকাশ করেন বাড়ি ঘর হারা অনেকে। এ যাবৎ বাড়িঘর বিলীন হয়ে গেছে ওই গ্রামের হকসাব, রশিদ, রুস্তম আলী, স্বপন, রহম আলী এবং এরশাদ আলীর। তারা এখন বাস্তুহারা।
উল্লেখ্য, বিগত সময়ে চরলক্ষীপুর গ্রাম ঘেঁষে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এর আগে ও নদী ভাঙনের কবলে পড়েছিল গ্রামটি। এখন বালু উত্তোলনের দীর্ঘমেয়াদি প্রভাব পড়ছে এখানকার ক্ষতিগ্রস্ত পরিবারের ওপর।
এ ব্যাপারে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন বলেন, আমি ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর এবং স্কুলটি পরিদর্শন করেছি। গ্রামের এবং স্কুলের সার্বিক অবস্থা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্কুলটি জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। সহকারী শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান এ সময় তার সঙ্গে ছিলেন বলে তিনি জানান।
