নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মহারাজা কুমুদ চন্দ্র পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এমন দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে সকালে দুর্গাপুর পৌরশহরে প্রেস ক্লাব মোড়ে ছাত্র, অভিভাবক ও সুশীল সমাজের ব্যানারে অবস্থান নেয় ছাত্ররা। পরে পাঁচ মিনিটের মধ্যেই বিদ্যালয়ের অন্য শিক্ষকরা এসে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করবেন জানালে ছাত্ররা আন্দোলন সমাপ্তি ঘোষণা করে।
শিক্ষার্থীরা জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে হয়রানি করেন। খেলার জন্য টাকা নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করেন না। এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য ছাত্রদের কাছ থেকে টাকা নিয়েও বিদায় অনুষ্ঠানের আয়োজন করেননি। এসবের অর্থ তুলে তিনি ব্যক্তিগত তহবিলে নিয়ে যান। ছাত্ররা যাতে আন্দোলন করতে না পারে এজন্য পাঁচ-ছয় মাস আগেই এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস বন্ধ করে দেন এবং তাদের প্র্যাকটিকেল ও অ্যাসাইনমেন্টে মার্ক কম দেবেন বলে ভয়ভীতি দেখান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আলমগীর হাসান বলেন, ‘আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব ছেড়ে দেব। বদলি হয়ে অন্যত্র চলে যাব। এর বেশি আর কিছু বলতে চাই না।’
