টেস্টে হারের ‘সেঞ্চুরি’ করল বাংলাদেশ। ২০০০ সালে অভিষেকের পর থেকে খেলা ১৩৪ ম্যাচের মধ্যে শততম টেস্টটা হারল বাংলাদেশ সেন্ট লুসিয়ায়। এই সময়ের মধ্যে বাংলাদেশ জিতেছে ১৬টি টেস্টে, ড্র হয়েছে বাকি ১৮টি। বাংলাদেশের আগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ হারের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের। ৮ ডিসেম্বর ১৯৯৫ সালে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট হেরে ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছিল কিউইরা। ওই সময়ের মধ্যে তারা খেলেছিল ২৪১টি টেস্ট। তার মধ্যে ৩৩টিতে জয় ছিল তাদের। শততম হারের আগে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার। ১৯৭৮ সালে শততম হারের আগে ৩৭৪ ম্যাচ খেলে ১৭০টি জিতেছিল তারা।
এ নিয়ে ৩৫ বার দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। কাছাকাছি থাকা জিম্বাবুয়ে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ১৮ বার। বাংলাদেশ যে ৩টি তিন টেস্টের সিরিজ খেলেছে, হোয়াইটওয়াশ হয়েছে তার দুটিতেই।
