বিকাশ করার সময় জাল টাকাসহ স্কুলছাত্র আটক, মূলহোতা পলাতক

আপডেট : ০২ জুলাই ২০২২, ০১:৪৭ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় ১৫ হাজার পাঁচশো টাকার জাল নোটসহ মৌলা মিয়া (১৭) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে থানা-পুলিশ।

শনিবার এ ঘটনায় সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বাদী হয়ে পলাতক মূল হোতা মো. বাবুল মিয়া (২৮) ও আটক শিক্ষার্থীর নামে বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা দায়ের করেছেন। ওই দিনই আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পলাতক বাবুল মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের আ. আজিজের ছেলে।

জানা যায়, গত শুক্রবার রাতে বাবুল মিয়া তার বড় ভাই নজরুল মিয়ার শ^শুরবাড়িতে বেড়ানো কথা বলে শিক্ষার্থী মৌলা মিয়াকে মোটরসাইকেলে নিয়ে একই উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুরে আসেন। একটি নম্বরে বিকাশ করার জন্য বাবুল মিয়া জাল নোটগুলো শিক্ষার্থীর হাতে দিয়ে উদয়পুর বাজারের বিকাশের দোকানে পাঠান।

বাবুল মিয়া দোকানের বাইরে অবস্থান করেন। বিকাশ দোকানের মালিক নোটগুলো দেখে সন্দেহ হলে শিক্ষার্থীকে আটক করে। এ সময় মূল হোতা বাবুল মিয়া মোটরসাইকেল রেখেই কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী মৌলা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

কলমাকান্দার থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, মূল হোতা বাবুলকে ধরতে কাজ করছে পুলিশ। বেশ কিছুদিন আগেও বিকাশের মাধ্যমে প্রতারণার জন্য বাবুলকে গ্রেপ্তার করা হয়েছিল। সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন থানায় বিকাশের মাধ্যমে প্রতারণার দায়ে অনেক মামলার আসামি এই মূল হোতা। এলাকায় বিকাশ প্রতারক নামে খ্যাতি রয়েছে বাবুলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত