ডিজিটাল প্লাটফর্মে ই-কমার্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অবদান রাখার প্রত্যাশায় যাত্রা শুরু হলো পদ্মা বাজার ডট কমের।
আজ শনিবার (২ জুলাই) ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের পদ্মা হলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
পদ্মা বাজার ডট কমের বিজনেস লঞ্চিং উপলক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক ভিডিও বার্তায় বলেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন নানা ব্যবসা তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ, নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের জনগন ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বাচ্ছন্দ্যবোধ করছে।
তিনি বলেন, যদিও এটা বলতেই হয়, দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করি না। সার্বিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানে দিন দিন উন্নতি আরও বাড়বে। এ অবস্থায় নতুন ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মা বাজার ডট কম বাজারে প্রবেশ করেছে। আমি আশা করছি, তারা যে সৎ উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক হবে, সফল হবে। তারা নিজেরা ও ভোক্তারা লাভবান হবে।
তিনি আরও বলেন, আমি চাই, নতুন স্টার্টআপ হিসেবে পদ্মা বাজার গ্রাহকের আস্থা ও পণ্যের মান ঠিক রেখে ভালো করুক, দোয়া করি অগ্রগতি অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখুক।
লঞ্চিং অনুষ্ঠানে কোম্পানির পরিচালকবৃন্দ, ইক্যাব নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, ব্যাংকার, সাংবাদিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ অসংখ্য গুণীজন উপস্থিত ছিলেন।
পদ্মা বাজার ডট কমের চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি রইসুল খান বলেন, পদ্মা বাজার বাংলাদেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে নতুন দুয়ার উন্মোচন করবে। সেবার মান দিয়েই পদ্মা বাজার মানুষের হৃদয়ে স্থান করে নেবে। পদ্মা বাজার একযোগে সারা দেশে সেবা প্রদান করবে এবং ক্রমান্বয়ে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে। আজ থেকে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য ক্রয় করতে পারবেন এবং মার্কেটপ্লেসকে দিন-দিন আরও সমৃদ্ধ করা হবে।
ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, পদ্মা বাজার লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানী হিসেবে নিবন্ধিত এবং সকল বৈধ নথিপত্র নিয়েই যাত্রা শুরু করছে। এছাড়া সমমনা ব্যবসায়ি তথা ই-কমার্স সেক্টরের এসোসিয়েশনসহ সকল ক্ষেত্রে সমন্বয় করেই এগিয়ে যাবে পদ্মা বাজার।
অনুষ্ঠানে পদ্মা বাজারের একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন, লগো উন্মোচন করা হয়।
