নারায়ণগঞ্জের রূপগঞ্জে সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে।
গতকাল রবিবার অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ।
গুরুতর আহত তানজিলা আক্তার (১৪) ও নিশী চৌধুরী (১৪) নামে দুই ছাত্রী বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
আহত তানজিলার মা মিনু বেগম ও নিশীর মা বিউটি আক্তারের অভিযোগ, ‘দুই-এক দিনের মধ্যেই স্কুল ঈদের জন্য বন্ধ দিয়ে দেওয়ার কথা। স্কুল বন্ধ হয়ে যাওয়ার খুশিতে গত শনিবার দুপুরে তানজিলা ও নিশীসহ কয়েক শিক্ষার্থী জড়ি-চুমকি দিয়ে নিজেরা আনন্দ করছিল। তা দেখে শিক্ষক জসিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তানজিলা ও নিশীকে অফিস কক্ষে ডেকে পাঠান। এরপর সেখানে তিনি লাঠি দিয়ে দুজনকে বেধড়কভাবে পেটাতে থাকেন, লাথি মেরে ও চুলের মুঠি ধরেও নির্যাতন চালান। নির্যাতনে অসুস্থ দুই ছাত্রীকে নিজেই হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়।’ এ ব্যাপারে দুই ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
