‘খুন-গুমের শিকার’ ব্যক্তিকে জীবিত উদ্ধার সিআইডির

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৫৩ এএম

বড় ভাই শাহজাহান কবিরকে খুন করে লাশ গুম করার অভিযোগে ভাবি ও ভাবির বাবাকে আসামি করে মামলা করেছিলেন শাহজাহানের ছোট ভাই। সেই মামলার অনুসন্ধানে নেমে জীবিত শাহজাহানকে জামালপুরের এক মাজার থেকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল রবিবার সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাইয়েদ আহমেদ এ তথ্য জানান। জীবিত উদ্ধার শাহজাহান কবির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাদে আমতৈল গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে। তাকে জামালপুরের নুরুন্দি শৈলেরকান্দা পীরের মাজার এলাকা থেকে উদ্ধার করে সিআইডি।

নেত্রকোনা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার সাইয়েদ আহমেদ জানান, মামলাটির তদন্তভার সিইডি পাওয়ার পর বিষয়টি আমলে নেওয়া হয়। গোপন তথ্যে বের হয়ে আসে শাহজাহান জামালপুরে অবস্থান করছেন। গত শুক্রবার শৈলেরকান্দা পীরের মাজার এলাকা থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে শাহজাহান আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে জানান, পারিবারিক অশান্তি ও কলহের কারণে মানসিক শান্তির জন্য স্বেচ্ছায় মাজারে চলে গিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত