ওয়ার্ল্ড প্রেস ফটোর এশিয়া অঞ্চলের সহ-আয়োজক মনোনীত হলো দৃক

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:১২ পিএম

ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন কর্তৃক এশিয়া মহাদেশের আঞ্চলিক সহযোগী হিসেবে নির্বাচিত হয়েছে দৃক পিকচার লাইব্রেরি।

সোমবার দৃকপাঠ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দৃকের প্রতিষ্ঠাতা এবং ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার জুরি বোর্ডের সাবেক সভাপতি শহিদুল আলম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে দৃকের কিউরেটর এবং জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের সঙ্গে অংশীদারত্বের ধরন ব্যাখ্যা করেন।

এদিকে, বাংলাদেশস্থ রয়্যাল নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও হিউম্যান রাইটস কর্নেলিস স্টাউটেন দৃকের এই অর্জনে অভিনন্দন জানিয়ে কার্যক্রমের সফলতা কামনা করেছেন।

দৃকের প্রতিষ্ঠাকালীন ইতিহাসের স্মৃতিচারণ করে সংবাদ সম্মেলনে শহিদুল আলম বলেন, ‘দৃক তৈরি হয়েছিল আমাদের মানুষ ও সংস্কৃতি সম্পর্কে বাঁধাধরা উপস্থাপনকে মোকাবিলা করার লক্ষ্যে। এশিয়াতে প্রতিযোগিতার আঞ্চলিক উপকেন্দ্রের স্থান নির্ধারণ সেই লক্ষ্যের দিকে একটি বৃহৎ পদক্ষেপ। ওয়ার্ল্ড প্রেস ফটো বিশ্বে আলোকচিত্র সাংবাদিকতার ক্ষেত্রে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের সাথে যৌথভাবে কর্মকাণ্ড পরিচালনা কেবলমাত্র দুটি চিত্তাকর্ষক প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনই নয় বরং বৃহত্তর বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির দিকে আলোকচিত্র সাংবাদিকতার অবশ্যম্ভাবী সচেতন যাত্রাকে নির্দেশ করছে।’

ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক জৌমানা এল জেইন খৌরি বলেন, ‘এশিয়া অঞ্চলে আলোকচিত্রের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান দৃকের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। এই অংশীদারত্ব তাদের কাছ থেকে শেখা, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং এই অঞ্চলের আলোকচিত্রীদের সাথে সত্যিকার অর্থেই সংযোগ স্থাপনের একটি সুযোগ। আমাদের যৌথ কর্মকাণ্ডের মাধ্যমে এই অঞ্চলের গল্প ও স্বরগুলোকে আমরা আরও স্পষ্টভাবে দেখতে ও শুনতে পারব।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন এবং দৃক এই অঞ্চলে প্রতিযোগিতার প্রসার এবং বিচারকার্য যৌথভাবে করবে। পাশাপাশি আঞ্চলিক শিক্ষামূলক কার্যক্রম ও অর্থায়নের সুযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এছাড়াও ঢাকা প্রদর্শনীর আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে দৃক এবং এশিয়াতে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনকে অধিকসংখ্যক আঞ্চলিক প্রদর্শনী আয়োজনে ও প্রচারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা করবে।

এই কর্মসূচির অধীনে পরিচালিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। সংবাদ সম্মেলনে পাঠশালার আলোকচিত্র বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন।

এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ ও এলাকাসমূহ-

মধ্য এশিয়া কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান, উজবেকিস্তান; পূর্ব এশিয়া: চীন, হংকং (চীন এসএআর), ম্যাকাউ (চীন এসএআর), তাইওয়ান (আরওসি), গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া, কোরিয়া প্রজাতন্ত্র; দক্ষিণ এশিয়া: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান (ইসলামিক প্রজাতন্ত্র), মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা; পশ্চিম এশিয়া: বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, ফিলিস্তিন রাষ্ট্র, সিরিয়ান আরব প্রজাতন্ত্র, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার প্রাক্তন বাংলাদেশি বিজয়ীগণ, বিচারকমণ্ডলীর সদস্যরা। ওয়ার্ল্ড প্রেস ফটো ২০২২ প্রতিযোগিতার এশিয়া অঞ্চলের জুরি বোর্ডের সভাপতি তানজিম ওয়াহাব শ্রোতাবৃন্দের সাথে এ বছরের বিজয়ী আলোকচিত্রী নির্বাচনের অভিজ্ঞতা বিনিয়ম করেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত