ঈদের সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চলাচলে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে স্মারকলিপি দিয়েছেন বাইকাররা। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি দেন ফেইসবুকভিত্তিক প্ল্যাটফর্ম ‘পঞ্চগড় বাইকার্স ক্লাব’ এবং ‘ইয়ামাহা রাইডার্স ক্লাবের’ কয়েকজন বাইকার।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, যৌক্তিক কারণ ছাড়াই মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যা সারা দেশের বাইকারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ঢাকা থেকে ঈদ উদযাপনের জন্য ঘরমুখো অনেকেই নিজস্ব পরিবহন ব্যবহার করেন। কিন্তু বিধিনিষেধের কারণে লাখো বাইকার পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে সমস্যার সম্মুখীন হবে।
‘পঞ্চগড় বাইকার্স ক্লাব’-এর অ্যাডমিন রেজাউল করিম রাজু বলেন, ‘আমার বাড়ি পঞ্চগড়ে হলেও চাকরির সুবাদে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাটোরে করেছি। নিজ এলাকাতেও আমি মোটরসাইকেল চালাতে পারব না।’
‘ইয়ামাহা রাইডার্স ক্লাব’-এর অ্যাডমিন রাফাত সাদিফ বলেন, ‘হেলমেট এবং আনুষঙ্গিক নিরাপত্তা উপকরণ ব্যবহারসহ ট্রাফিক মেনে চললে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সুতরাং বৈধ কাগজপত্র থাকার শর্তসাপেক্ষে হলেও বিধিনিষেধ প্রত্যাহার করা হোক।’
