এখনো বিচারের আশায় লিভারপুল-রিয়াল মাদ্রিদ সমর্থকেরা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৩:৫০ পিএম

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছে এক মাস পার হয়ে গেছে। প্যারিসে লিভারপুলকে হারিয়ে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের আনন্দের রেশও এখন তেমন আর নেই।

তবে এখনো বিচারে অপেক্ষা ফুরোয়নি এই দুই ক্লাবের সমর্থকদের। এ জায়গায় যেন এক সুতোয় বাঁধা রিয়াল-লিভারপুল সমর্থকেরা। তারা অপেক্ষা করছেন ন্যায্য বিচারের।

উত্তর চাইছেন প্যারিসে সেদিন রাতে পুলিশি আঘাতের। ইউরোপের এই দুই শক্তিশালী ক্লাবের সমর্থকেরা চান, উয়েফা এবং ফরাসি কর্তৃপক্ষ এই নিন্দনীয় হামলার জন্য ক্ষমা প্রার্থনা করুক।

কি হয়েছিল ২৯ মার্চ রাতে? চ্যাম্পিয়নস লিগ ফাইনাল বসেছিল প্যারিসের স্তাদে দে ফ্রান্সে। কিন্তু খেলা শুরুর আগে দুই দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। উয়েফা ও ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, নকল টিকিট নিয়ে স্টেডিয়ামের প্রবেশ করতে চেয়েছিল সমর্থকেরা।

স্টেডিয়ামের বাইরে রিয়াল-লিভারপুল সমর্থকদের চাপ সামলাতে ও বিশৃঙ্খলা দমাতে কাঁদানে গ্যাস-পিপার স্প্রের পাশাপাশি লাঠি চার্জও করে পুলিশ। এতে অনেকে আহত হন। বিপজ্জনক অবস্থার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের। স্থানীয় কিশোর-যুবা গ্যাংদের হামলা ও ছিনতাইয়ের মতো নিন্দনীয় ঘটনাও ঘটে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফ্রেঞ্চ সিনেট ওই দিনই তদন্ত শুরু করে। তবে বিষয়টির কোনো সুরাহা হয়নি এখনো। বিচার পায়নি রিয়াল-লিভারপুলের ফুটবলপ্রেমী সমর্থকেরা।

এই ঘটনার পরপরই আয়োজকদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তোলেন লিভারপুলের চেয়ারম্যান। ঘটনার এক সপ্তাহ পর দুই ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চায় উয়েফা। কিন্তু বিচারের অপেক্ষা এখনো শেষ হয়নি তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত