কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল কেনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন আবদুর রউফ নয়ন (৩৮) নামের এক রাজমিস্ত্রির হেলপার। বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত নয়ন একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। তার তিন ছেলে ও ৯ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফুলগ্রাম থেকে এক যুবক মোবাইল বিক্রি করার জন্য একই ইউনিয়নের নোয়াগ্রামে নয়নের বাড়িতে আসে। মোবাইল বিক্রির সময় একই বাড়ির কালাম নামে এক যুবক তাকে বাধা দেয়। এই নিয়ে কালাম ও নয়নের মধ্যে বাকবিতন্ডা হয়।
এরই জের ধরে বুধবার সকালে বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে কালাম ধারালো ছুরি দিয়ে নয়নকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নয়নের চিৎকারে বাড়িতে থাকা তার বোন আসমা আক্তারসহ স্থানীয়রা দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নয়নের মা সবুরা বেগম আহাজারি করে বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করতো। আমার ছেলের কোন শক্র নেই। তুচ্ছ ঘটনায় তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রযেছে। অপরাধীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
