জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ অভিহিত করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
শুক্রবার জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবে গুলিবিদ্ধ হওয়ার সংবাদটি গণমাধ্যমে জানার পর ড. মোমেন তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন এবং একইসঙ্গে এ ঘটনার নিন্দা জানান।
ড. মোমেন বলেন, শিনজো আবে আমার ঘনিষ্ঠজন এবং তিনি বাংলাদেশেরও অকৃত্রিম বন্ধু।
শিনজো’র ওপর গুলি চালানোর ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, আমরা তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।
এ দিকে গুলিবিদ্ধ জাপানের শিনজো আবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আততায়ীকে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দিচ্ছিলেন শিনজো আবে। সে সময়ই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যিনি গুলি চালিয়েছেন, তার নাম টেটসুয়া ইয়ামাগামি। ওই ব্যক্তি নারা শহরেরই বাসিন্দা। তার কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে।
জাপানের সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিনজো আবের বুকে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হওয়ার পড়েই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
