নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ রবিবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে নোয়াখালী-ফেনী সড়কের সেতুভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাতিয়া উপজেলার আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও সিএনজিচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশে সোহেল, আমজাদ হোসেন ও ফোরকান উদ্দিন মোয়াজ্জেম চালক হৃদয়ের সিএনজি অটোরিকশায় উঠেন। রবিবার ভোর ৪টায় তাদের বহনকারী সিএনজিটি নোয়াখালী-ফেনী সড়কের সেতুভাঙা বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই চালক হৃদয় ও সোহেল মারা যান। আহত আমজাদ হোসেন ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমজাদ হোসেনকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
