ইরানি চলচ্চিত্রকার জাফর পানাহি গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২২, ১১:৫২ এএম

রাজধানী তেহরানে গ্রেপ্তার হলেন ইরানের চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। সোমবার ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কারজয়ী পরিচালককে আটক করা হয়। এ নিয়ে এক সপ্তাহে দেশটিতে তিনজন নির্মাতা গ্রেপ্তার হলেন।

গত সপ্তাহে নির্মাতা মোস্তাফা আল-আহমেদ এবং মোহম্মদ রাসুলফকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তাদের মামলার ব্যাপারে খোঁজ নিতে আইনজীবীর কাছে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়।

মে মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর আবাদানে একটি বাড়ি ধসে পড়ে ৪৩ জনের মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। সেই বিক্ষোভকে সমর্থন করায় আহমেদ ও রাসুলফকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের প্রতিবাদে সরব হন পানাহি। এরপর তাকেই গ্রেপ্তার করা হলো।

‘দ্য সার্কেল’, ‘অফসাইড’, ‘ট্যাক্সি’র মতো ছবি তৈরি করে বিশ্ব জুড়ে পরিচিতি পেয়েছেন ইরানের অন্যতম সেরা চলচ্চিত্রকার পানাহি।

সরকারের সমালোচক হিসেবে পরিচিত পানাহি এক প্রতিবাদে অংশ নেওয়ার কারণে ২০১০ সালে গ্রেপ্তার হন। তখন তার ছয় বছরের জেল হয়। সিনেমা তৈরি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পানাহির দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত