সাতক্ষীরার সুন্দরবনঘেঁষা লোকালয়ে বাঘের হানা

আপডেট : ১২ জুলাই ২০২২, ০৩:৪৭ পিএম

সাতক্ষীরার শ্যামনগরের গোলাখালী এলাকার লোকালয়ে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের আনা-গোনা শুরু হয়েছে। এ নিয়ে সর্বত্র ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, নারী-শিশু এমনকি পুরুষরাও বের হতে রীতিমতো আতঙ্ক বোধ করছে।

গোলাখালী গ্রামের ভোলানাথ মণ্ডল জানান, রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সুন্দরবন  থেকে একটি বাঘ গোলাখালী গ্রামে চলে আসে। ১৫ মিনিটের মতো হাঁটাহাঁটি করে বাঘটি আবার বনে ফিরে যায়। এমন খবর পাওয়ার পরে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন।

বাঘ নিয়ে কাজ করা আবদুল গণি ওরফে টাইগার গণি জানান, তিনি গতকাল সোমবার সকালে গোলাখালী গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। সাধারণত শিকার ধরার ক্ষমতা হারিয়ে ফেললে বাঘ লোকালয়ে এসে উৎপাত করে। ফলে বিষয়টি একেবারে হেলাফেলা করার নয় বলেই তিনি বন বিভাগকে বিষয়টি অবগত করেছেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের এসিএফ ও রেঞ্জ কর্মকর্তা এম এ হাসান বলেন, গোলাখালী গ্রামটি সুন্দরবন লাগোয়া। তিন দিকে নদী আর এক দিকে সুন্দরবন। বিচ্ছিন্ন এই দ্বীপগ্রামে ১২০টি পরিবারের বসবাস। তাদের পেশা সুন্দরবনের নদ–নদীতে মাছ ধরা। গত রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সুন্দরবন  থেকে একটি বাঘ গোলাখালী গ্রামে চলে আসে। ১৫ মিনিটের মতো হাঁটাহাঁটি করে বাঘটি আবার বনে ফিরে যায় এমন খবর জানতে পেরে সুন্দরবনের কৈখালী স্টেশনের এসও হারুন অর রশিদ ও তার ফরেস্টার এলাকার নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছেন এবং স্থানীয়দেরও সচেতন করেছেন।

গোলাখালী গ্রামের আকলিমা খাতুনের ভাষ্য, ‘আমি সন্ধ্যার দিকে দেখি, সুন্দরবনের খাল  পেরিয়ে একটি বাঘ লোকালয়ে ঢুকছে। আমি চিৎকার দিলে আরও লোকজন আসে। বাঘটি খালের পাশে হাঁটাহাঁটি করতে থাকে। আমরা বাজির শব্দের পাশাপাশি টিনে শব্দ করতে থাকি। বাঘ কিছু সময় হাঁটাহাঁটি করে বনের মধ্যে চলে যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত