কুড়িগ্রামে দুই দিন ধরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিখোঁজ

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৯:১৬ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মো. চঞ্চল মাহমুদ হাওলাদার (৩৭) নামের এক  স্বেচ্ছাসেবক লীগের নেতার খোঁজ পাচ্ছে না তার পরিবার।

গত সোমবার (১১ জুলাই) রাতে তিনি নিজ বাড়ি থেকে বের হন। দুই দিন ধরে খোঁজ না পাওয়ায় পরদিন মঙ্গলবার রাতে ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেন চঞ্চল মাহমুদের মা সেতারা বেগম।

মঙ্গলবার রাতে চঞ্চল মাহমুদ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, চঞ্চল মাহমুদ হাওলাদার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তিনি নিজ বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে মা সেতারা বেগম ঘুম থেকে উঠে দেখেন চঞ্চল মাহমুদ হাওলাদারের ঘরের দরজা খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন ঘরে তার ছেলে নেই। মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

সারা দিন আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল রাত ৮টার দিকে ভূরুঙ্গামারী থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

ভূরুঙ্গামারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, চঞ্চল মাহমুদ হাওলাদারকে এখনো পাওয়া যায় নাই। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত