ছুটি শেষ হলেও চট্টগ্রামে ফেরেনি প্রাণচাঞ্চল্য

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:৪৮ এএম

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুললেও চট্টগ্রাম মহানগরীতে এখনো প্রাণচাঞ্চল্য ফিরে আসেনি। পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাওয়া মানুষ আস্তে আস্তে ফিরছে নগরীতে। তবে আগামী সপ্তাহের দিকে বন্দরনগরী আগের রূপ পুরোপুরি ফিরে পাবে বলে সবাই মনে করছেন।

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গত মঙ্গলবার থেকে অফিস-আদালত খুলেছে। কিন্তু গত দুদিন অফিসগুলোতে উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। যারা উপস্থিত হয়েছেন তারাও পরস্পর ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন।

এদিকে নগরীর গার্মেন্টস কারখানা ও মার্কেটগুলোতে এখনো ছুটি শেষ হয়নি। তাই নগরীর সব মার্কেটই বন্ধ রয়েছে। খোলেনি অধিকাংশ দোকানপাট। নগরীতে যানবাহনের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। তাই নগরীর চিরচেনা যানজটের দৃশ্য এখনো ফিরে আসেনি।

অন্যদিকে ঈদের ছুটিতে বন্দরনগরী ছেড়ে যাওয়া লোকজন আস্তে আস্তে নগরীতে ফিরতে শুরু করেছে। গতকাল বুধবার চট্টগ্রাম রেলস্টেশন ও বিভিন্ন বাসস্টেশনে গিয়ে দেখা গেছে পরিবার-পরিজন ও মালপত্র নিয়ে মানুষের শহরে ফেরার চিত্র। বেলা ৩টায় চট্টগ্রাম রেলস্টেশনে দিয়ে দেখা গেছে মহানগর এক্সপ্রেস থেকে নেমে আসছে শহরমুখী মানুষ।

ওই ট্রেনে আসা একজন বেসরকারি চাকরিজীবী ফরহাদ হোসেন দেশ রূপান্তরকে জানান, এবারের ঈদে শুক্রবারসহ মিলিয়ে মাত্র চার দিন ছুটি ছিল। তারপরও কোরবানি দেওয়ার জন্য পরিবারের সদস্যদের নিয়ে ছুটে গিয়েছিলেন নরসিংদীর গ্রামের বাড়িতে। ফেরার পথে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি।

একই ধরনের দৃশ্য দেখা গেছে রেলস্টেশনের কাছে কদমতলী বাসস্টেশন, নগরীর প্রবেশমুখ শাহ আমানত সেতু বাস স্টপেজ, বহদ্দার হাট বাস টার্মিনাল ও এ কে খান এলাকার বাস কাউন্টারের সামনেও।

সংশ্লিষ্টরা বলছেন, ছুটি শেষ হলেও ঈদে বাড়ি যাওয়া মানুষ পুরোপুরি ফিরে আসতে লেগে যাবে পুরো সপ্তাহ। আর আগামী সপ্তাহ থেকেই হয়তো ফিরে আসবে বন্দরনগরীর স্বাভাবিক চিত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত