দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বর্তমান সংকটের জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে সেখান থেকে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের কারণে শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য রাশিয়াকে দায়ী করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কির অভিযোগ, খাদ্যশস্য, ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ ব্যবস্থাপনায় বাধার কারণে বেশ কয়েকটি দেশ খাদ্য ও জ্বালানির ঘাটতির মুখোমুখি হয়েছে এবং এতে করে রাশিয়ার এজেন্ডাই উপকৃত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এশিয়ান লিডারশিপ কনফারেন্সে বক্তৃতার সময় শ্রীলঙ্কা সংকট তুলে ধরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি একটি সামাজিক বিস্ফোরণের দিকে নিয়ে যাচ্ছে। এটা কীভাবে শেষ হবে তা এখন কেউ জানে না।’ ইউরোপের যুদ্ধের ঢেউ যে এশিয়াসহ বিশ্বে আছড়ে পড়ছে, এটা এখন আন্তর্জাতিক সম্পর্কের আলোচিত বিষয়। ইউক্রেনের প্রেসিডেন্ট শ্রীলঙ্কা সংকটে রাশিয়াকে দায়ী করার আগে প্রায় একই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।
